দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এবং সোনার রিজার্ভে বড়সড় পতন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ২৬ জুন শেষ হওয়া সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভ ৫.৬৫৪ বিলিয়ন মার্কিন ডলার কমে দাঁড়িয়েছে ৬৬৬.৯৩৩ বিলিয়ন মার্কিন ডলারে। এর আগের সপ্তাহে অবশ্য রিজার্ভ বেড়ে ৬৭২.৫৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
আরবিআই জানিয়েছে, বৈদেশিক মুদ্রার সম্পদ ১৫০ মিলিয়ন ডলার কমে ৫৪১.৬৭ বিলিয়ন ডলারে নেমেছে। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে সোনার ভাণ্ডারে। গোল্ড রিজার্ভ ৫.৩৯৪ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ১০২.৫৩৬ বিলিয়ন ডলারে। পাশাপাশি SDR ও IMF-এ ভারতের রিজার্ভ পজিশনেও সামান্য পতন হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধজনিত উত্তেজনা, অপরিশোধিত তেল আমদানিতে বেশি ডলার খরচ এবং রুপির উপর চাপ—এই তিন কারণেই বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বড় ধাক্কা লেগেছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের ফরেক্স রিজার্ভ রেকর্ড ৭২৮.৪৯৪ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
